দেশের আকাশে আজ কোথাও ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৫ মার্চ সোমবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৬ মার্চ মঙ্গলবার থেকে শাবান মাস গণনা করা হবে। প্রেক্ষিতে আগামী ১৪ শাবান ১৪৪২ হিজরি, ২৯ মার্চ ২০২১ খ্রি. সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম চৌধুরী (পিএইচডি)।
সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক আবদুল্লাহ সাজ্জাদ, ঢাকা জেলার প্রশাসক মুহাম্মদ মামুনুল হক, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহ: সাইফুল্লাহ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ছাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ রজব ১৪৪২ হিজরি, ১৪ মার্চ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ০১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ১৫ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ সোমবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ০২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের গননা শুরু হবে। প্রেক্ষিতে আগামী ১৪ শাবান ১৪৪২ হিজরি, ২৯ মার্চ ২০২১ খ্রি. সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।


0 Comments